দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির। কোম্পানিগুলোর পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সম্প্রতি বেক্সিমকো গ্রুপের সবচেয়ে লাভজনক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে পর্ষদ পুনর্গঠন ও প্রস্তাবিত পর্ষদের তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে জানানো হয়েছে।
বেক্সিমকো ফার্মার প্রস্তাবিত পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকবেন এ এস এফ রহমান। পরিচালক হিসেবে থাকবেন ইকবাল আহমেদ, আজমল কবির, কামরুন নাহার আহমেদ। স্বতন্ত্র পরিচালক হিসেবে পর্ষদে থাকবেন শাহ মঞ্জুরুল হক। এছাড়া আরও একজন স্বতন্ত্র পরিচালক পর্ষদে অন্তর্ভুক্ত হতে পারেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওকে চৌধুরী পর্ষদে অন্তর্ভুক্ত হবেন।
বেক্সিমকোর কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠন বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ অর্থসূচককে বলেন, কোম্পানিগুলো থেকে পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত চিঠি পেয়েছি আমরা। তবে এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য বা করণীয় নেই। কাকে পর্ষদে রাখা হবে, কাকে বাদ দেওয়া হবে তা একান্তই কোম্পানির নিজস্ব বিষয়। কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন ও কোম্পানির আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন অনুসারে পর্ষদ গঠন করতে হয়। কোম্পানিটিকে অবশ্যই বিএসইসির কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুসারে নির্দিষ্ট সংখ্যক স্বতন্ত্র পরিচালক ও নারী পরিচালক রাখতে হবে।
উল্লেখ,বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। সরকারের নীতি নির্ধারণ ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তার ছিল অপরিসীম প্রভাব। ২০২৪ সালে আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি বেক্সিমকো গ্রুপের দায় হয়ে উঠেন। গ্রুপের কোম্পানিগুলো নানা সমস্যার মুখে পড়ে। তাছাড়া তখন থেকেই বিভিন্ন অভিযোগে তিনি কারাগারে আটকে আছেন।
বিদ্যমান বাস্তবতায় পরিচালনা পর্ষদ থেকে সরে গেলে কোম্পানিগুলোর উপর থেকে একটু চাপ কমতে পারে মনে করে নিজে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান এফ রহমান। এর অংশ হিসেবে কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Bxpharma


