November 17, 2026 5:50 am
November 17, 2026 5:50 am
Home Stock Market সরকারের কাছে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক, রাষ্ট্রের হাতে যেতে পারে ৭৮.৮ শতাংশ মালিকানা

সরকারের কাছে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক, রাষ্ট্রের হাতে যেতে পারে ৭৮.৮ শতাংশ মালিকানা

by fstcap

সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। এর ফলে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকটির ৭৮.৮ শতাংশ শেয়ার এবং এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ চলে যেতে পারে সরকারের হাতে।

পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৯.৯৯ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬০৯.৯৯ কোটি টাকায় উন্নীত করতে  প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যু করার প্রস্তাব দিয়েছে ব্যাংকটি। 

গত ৪ এপ্রিল ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’ জমা দিয়েছে। সেখানে মূলধন ঘাটতি কমানোর পাশাপাশি আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এই শেয়ার ইস্যু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর বাংলাদেশ বাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক তাদের পরিশোধিত মূলধন বাড়াতে ৬০০ কোটি অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যু করতে চায় এবং সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলোর ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো ব্যাংকের মূলধনে সরকারের কৌশলগত অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া সরকারের এখতিয়ারভুক্ত। তাই সরকার এ প্রস্তাবে সম্মত রয়েছে কি না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, নতুন ইস্যু করা শেয়ার কিনে সাবেক মালিকরা যাতে আবারও প্রভাব বিস্তার করতে না পারে, সেটি প্রতিরোধ করতেই তারা এই বিনিয়োগ চেয়েছেন।

নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এসব প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হলে আগের মালিকদের শেয়ার কিনে ফিরে আসার সুযোগ তৈরি হবে।’

তিনি বলেন, সরকার বিনিয়োগ করলে ব্যাংকটির মূলধন ঘাটতি কমবে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধনসংক্রান্ত শর্ত পূরণে সহায়তা হবে। একইসঙ্গে নতুন শেয়ার ইস্যুর ফলে এস আলম-সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মালিকানার অনুপাত কমে যাবে, ফলে ব্যাংকের ওপর তাদের প্রভাব আরও সংকুচিত হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ভবিষ্যতে আর্থিক পরিস্থিতির উন্নতি ও পুনরুদ্ধার প্রক্রিয়া সফল হলে সরকার এসব শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিতে পারবে।’

সরকারের মালিকানা নিয়ে প্রশ্ন মনসুরের

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর এই প্রস্তাবের সমালোচনা করে একে ভুল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

তিনি টিবিএসকে বলেন, ‘পৃথিবীর সব সরকার যখন ব্যাংক খাত থেকে বের হয়ে গেছে, তখন আমরা ঢুকছি। সরকারি মালিকানা খুবই অদক্ষ, সরকারি ব্যাংকগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট।’ 

সাবেক এই গভর্নর আরও বলেন, ‘সরকার দায়িত্ব নিলেই কোন ব্যাংক ভালো ব্যাংক হয়ে যায় না। ইসলামী ব্যাংকের যেটুকু নাম এখনও রয়েছে, সরকার শেয়ার কিনে সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হলে এটুকুও নষ্ট হবে।’ 

তিনি সতর্ক করে বলেন, ৬ হাজার কোটি টাকার এই বিনিয়োগ কয়েক বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে। এর ফলে সরকারকে বাধ্য হয়ে আবারও তহবিল জোগান দিতে হবে।

এর বদলে মনসুর ব্যাংকটির সাবেক বিদেশি শেয়ারহোল্ডারদের কাছ থেকে বিনিয়োগ চাওয়া বা নতুন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরামর্শ দেন। ব্যাংকটির আগের বিনিয়োগকারীদের মধ্যে ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক ও কুয়েত ফাইন্যান্স হাউস।

এছাড়াও তিনি নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির অধীনে দেশীয় বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিনিয়োগ আনার পরামর্শ দেন। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো ফাহমিদা খাতুন টিবিএসকে বলেন, ব্যাংকটিতে সরকারের বিনিয়োগের এই প্রস্তাব অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। 

তিনি বলেন, ‘ব্যাংকের মূলধন পরিস্থিতি ও অ্যাসেট কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করে তা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংককেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’ 

আদালতের আদেশে মালিকানা জব্দ

চারদলীয় জোট সরকারের আমলে (২০০১–২০০৬) ব্যাংকটির মালিকানায় ছিলেন জামায়াত ইসলামীর নেতা ও সমর্থকরা। 

অন্তবর্তীকালীন সরকারের সময় জামায়াত ঘনিষ্ঠরা ব্যাংকটির পর্ষদে ফিরে এলেও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর তখনকার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ব্যাংকটির বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছে।

আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান নামে-বেনামে ব্যাংকটির প্রায় ১৩১.৩৫ কোটি থেকে ১৩১.৮৯ কোটি শেয়ার—অর্থাৎ মোট শেয়ারের ৮১.৫৯ শতাংশ থেকে ৮১.৯২ শতাংশের মালিকানা কিনে নেয়। এসব শেয়ার এখন আদালতের রায়ে জব্দ অবস্থায় রয়েছে। বাকি প্রায় ১৮.০৮ শতাংশ থেকে ১৮.৪১ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।

ক্রমবর্ধমান লোকসান ও মূলধন ঘাটতি

ইসলামী ব্যাংক যখন ক্রমবর্ধমান লোকসান, খেলাপি ঋণ ও বিপুল প্রভিশনিং ঘাটতির সঙ্গে লড়াই করছে, সেই সময় সরকারি বিনিয়োগের এই প্রস্তাবটি এসেছে।

চলতি পঞ্জিকাবর্ষের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটি কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। 

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। 

প্রস্তাবে উল্লিখিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। ব্যাংকটি বর্তমানে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে রয়েছে।

IslamiBank Islami Bank

https://www.tbsnews.net/bangla/Economy/news-details-565006?shem=dsdf,sharefoc,agadiscoversdl,,sh/x/discover/m1/4

You may also like