দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় আরও ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (১৭ জুন) থেকে দৈনিক লেনদেন শেষ হবে পূর্বের তুলনায় ১০ মিনিট পরে।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় মূল লেনদেন শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট-ক্লোজিং বা লেনদেন-সমাপনী কার্যক্রম চলবে। ফলে চূড়ান্তভাবে লেনদেন শেষ হবে বেলা ২টা ১০ মিনিটে।
বর্তমানে বাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে ১টা ৫৫ মিনিট পর্যন্ত মূল লেনদেন এবং শেষ ৫ মিনিট পোস্ট-ক্লোজিং লেনদেন হিসেবে গণ্য হয়। নতুন সিদ্ধান্তে মূল লেনদেন এবং পোস্ট-ক্লোজিং—দুই পর্যায়েই সময় ৫ মিনিট করে বাড়ানো হয়েছে।
এর আগে চলতি বছরের ৪ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে শেয়ারবাজারের লেনদেন সময় ৩০ মিনিট কমানো হয়েছিল। তখন মূল লেনদেন সময় ছিল সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত, এবং পোস্ট-ক্লোজিং চলত ২টা ২০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত।
https://sharebazarnews.com/posts/seyarbajare-lendener-smy-ds-minit-barlo?shem=dsdf,sharefoc,agadiscoversdl,,sh/x/discover/m1/4
