November 12, 2026 6:53 pm
Home Stock Market অনুমোদিত মূলধন ৫ গুণ বাড়িয়ে ১০,০০০ কোটি টাকা করার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পেল ইসলামী ব্যাংক

অনুমোদিত মূলধন ৫ গুণ বাড়িয়ে ১০,০০০ কোটি টাকা করার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পেল ইসলামী ব্যাংক

by fstcap

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ২ হাজার কোটি টাকা থেকে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৪ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা।

পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক করপোরেট ঘোষণায় জানানো হয়, ব্যাংকের স্মারকলিপি (মেমোরেন্ডাম) ও সংঘবিধিতে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

 

তবে মূলধন বাড়ানোর বিষয়টি এখন বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং পরবর্তী সময়ে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিম বলেন, “আমরা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত মূলধন বাড়ানোর ছাড়পত্র পেয়েছি। এ ধরনের আবেদন করার অন্যতম উদ্দেশ্য হলো, ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাপক মূলধন ঘাটতি তৈরি হয়েছে। নতুন করে মূলধন যুক্ত হলে ব্যাংকের ঘাটতি কমে আসবে এবং ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ সূচকটি শক্তিশালী হবে।”

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবে অনাপত্তি (এনওসি) দেওয়াই বাংলাদেশ ব্যাংকের মূল কাজ। ইসলামী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাধ্যমে সম্পন্ন হবে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী, অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করা হলে সাবস্ক্রাইবড ক্যাপিটাল কমপক্ষে ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন অন্তত ২ হাজার ৫০০ কোটি টাকা হতে হবে।

বর্তমান শেয়ারবাজারের নাজুক পরিস্থিতিতে আইপিও বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করা অবাস্তব। সেক্ষেত্রে সরকার সরাসরি মূলধন জোগান দিতে পারে অথবা রাইট শেয়ার ইস্যু করা হতে পারে।

ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বর্তমানে ব্যাংকটির প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে নামে-বেনামে এস আলম গ্রুপের দখলে রয়েছে প্রায় ৮২ শতাংশ শেয়ার, যা বর্তমানে আদালতের নির্দেশে জব্দ রয়েছে।

তিনি বলেন, ব্যাংকের বড় অংশের শেয়ার জব্দ থাকায় পরিশোধিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করা হলে একক ব্যক্তির অধীনে থাকা বর্তমান জব্দকৃত শেয়ারের সংখ্যা অপরিবর্তিত থাকলেও মোট শেয়ারের তুলনায় তার মালিকানার অনুপাত আইনগতভাবে অনেকটা কমে আসবে।

নতুন শেয়ার বিক্রির ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যাতে কোনো প্রতিষ্ঠান ছদ্মনামে বা বেনামে নতুন করে শেয়ার কিনে ব্যাংকটিতে প্রবেশের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে দেখা গেছে, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ২২ জন প্রক্সি (বেনামি) শেয়ারহোল্ডার এবং সন্দেহভাজন কিছু কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে ইসলামী ব্যাংকের ৭২ শতাংশ শেয়ার কুক্ষিগত করে।

ইসলামী ব্যাংকের চিত্র

ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। অর্থাৎ, ব্যাংকটির মোট ঋণের অর্ধেকেরও বেশি এখন অনাদায়ী, যা নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যাংকটি বর্তমানে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে রয়েছে।

প্রায় ৭ বছর ধরে ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এস আলম গ্রুপ। ২০১৭ সালে গোষ্ঠীটি ব্যাংকের মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার শুরু করার পর থেকেই ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল হতে থাকে।

২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ নিজস্ব প্রতিষ্ঠান ও ছায়া কোম্পানির মাধ্যমে ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় ৮৮ হাজার কোটি টাকা তুলে নেয়। এসব ঋণই খেলাপিতে পরিণত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি পরিচালনার দায়িত্ব পান স্বতন্ত্র পরিচালকেরা। বর্তমানে ব্যাংকটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

https://www.tbsnews.net/bangla/Economy/news-details-564406

Islamibank

You may also like