চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা দ্বিগুণের বেশি হয়েছে।
গতকাল (১১ নভেম্বর) পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে জুতা উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৫৫০ কোটি ৬৩ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪৮৩ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৬৬ কোটি ৬৯ লাখ টাকা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লাখ টাকায়। ২০২৫–২৬ অর্থবছরের একই প্রান্তিকে নিট মুনাফা ছিল ২ কোটি ৫০ লাখ টাকা।
মুনাফা বাড়ায় জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা।
এ ছাড়া সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ টাকা ৮৬ পয়সায়, যা জুন শেষে ছিল ৩৫৫ টাকা ২৫ পয়সা।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর আজ (১২ নভেম্বর) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারদর ৩ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬৬ টাকা ৮০ পয়সায়।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-564546?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=the_business_standard&utm_content=photo_card&fbclid=IwY2xjawViXWdleHRuA2FlbQIxMABwZG9mBWJyaWQRMTNlVzE2M2ROUkg2Z0RIMm1zcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEfz1IPc8Ed3W58EK07yHgOESaTdYdnvOCjkOIe7Ma8ckwsX4fB3ricq6GkrQI_aem_1KUHAQn1X5aMMSNCemGHHw


