July 16, 2026 1:42 pm
Home Stock Market শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ

শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রচলিত আয়কর আইন অনুযায়ী কোম্পানিটিকে অর্জিত নিট মুনাফার ওপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর পরিশোধ করতে হবে। হিসাব অনুযায়ী, এ বাবদ কোম্পানিটির প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা অতিরিক্ত কর গুনতে হবে।

বর্তমান কর আইন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে অর্জিত মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হয়। যদি কোনো কোম্পানি ৩০ শতাংশের কম ডিভিডেন্ড ঘোষণা করে, তাহলে সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দেওয়া অংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হয়।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বেস্ট হোল্ডিংস শেয়ারপ্রতি (ইপিএস) ৩০ পয়সা মুনাফা করেছে। এতে মোট নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৮ লাখ টাকা। তবে পরিচালনা পর্ষদ এই অর্থবছরে কোনো ধরনের ক্যাশ বা বোনাস ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে অর্জিত পুরো মুনাফাই সংরক্ষিত মুনাফা তহবিলে স্থানান্তর করা হবে।

আইন অনুযায়ী, কোম্পানিটি অর্জিত মুনাফার ৭০ শতাংশের বেশি নিজেদের কাছে সংরক্ষণ করছে। এ কারণে পুরো ৩১ কোটি ৭৮ লাখ টাকা নিট মুনাফার ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে, যার পরিমাণ প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা।

অর্থনৈতিক পারফরম্যান্সের দিক থেকেও আলোচ্য অর্থবছরে কোম্পানিটির মুনাফায় বড় ধরনের পতন দেখা গেছে। আগের অর্থবছরে বেস্ট হোল্ডিংসের শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪৩ পয়সা। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩০ পয়সায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা প্রায় ৭৯ শতাংশ হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংসের বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ এবং অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৩৪.৬৬ শতাংশ শেয়ার।

Besthlding

https://sharenews24.com/article/120576/index.html?shem=dsdf,sharefoc,agadiscoversdl,,sh/x/discover/m1/4

You may also like