আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে দেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ডের বাজার সম্প্রসারণ, টেকসই অর্থায়ন জোরদার এবং জলবায়ু-সহনশীল বিনিয়োগ কাঠামো গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির কমিশন সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনার তানভীর হাবিব রহমানের নেতৃত্বে বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচোল সুপাচালাসাই।
বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারে পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ উৎসাহিত করতে গ্রিন ও সাসটেইনেবিলিটি বন্ডের বাজার উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর যাচাই-বাছাই প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থা উন্নয়ন, সম্ভাব্য বন্ড ইস্যুকারীদের প্রস্তুতি এবং বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়নের বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে নীতিগত সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাজার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বিএসইসি জানিয়েছে, বৈঠকে টেকসই অর্থায়নের বিকাশে শেয়ারবাজারের ভূমিকা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কার্যকর সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
https://sharenews24.com/article/121046/index.html


