March 25, 2026 10:36 pm
Home Finance জেট ফুয়েলে ৮০% মূল্যবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, ‘অযৌক্তিক’ বলছেন খাত সংশ্লিষ্টরা

জেট ফুয়েলে ৮০% মূল্যবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, ‘অযৌক্তিক’ বলছেন খাত সংশ্লিষ্টরা

by fstcap

বাংলাদেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ মার্চ থেকে নতুন মূল্য কার্যকর করা হবে। তবে এক ধাক্কায় এত দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও অস্বাভাবিক বলছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এতে করে এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং যাত্রী—সব পক্ষই বড় ধরনের চাপের মুখে পড়বে। বন্ধ হতে পারে দেশের এয়ারলাইন্স ও এয়ারলাইন্স সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো।

 

 

মঙ্গলবার (২৪ মার্চ) তেলের দাম বাড়াতে জুম অ্যাপে জরুরি সভা করে বিইআরসি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দর বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

বাংলাদেশে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের নতুন নির্ধারিত মূল্য আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। সর্বশেষ স্ব স্ব দেশের বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৬২ ডলার, মাস্কাটে ০.৬০৩ ডলার, দুবাইয়ে ০.৫৮৭ ডলার এবং দোহায় ০.৫৮৪ ডলার। একইভাবে ব্যাংককে ১.০৯৮ ডলার, সিঙ্গাপুরে ০.৫৮৬ ডলার এবং জেদ্দায় ০.৫৮১ ডলার দরে জেট ফুয়েল সরবরাহ হচ্ছে—যা বাংলাদেশের দামের তুলনায় অনেক কম।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব এবং নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এই মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছেন এবং এর ফলে গুরুতর পরিচালনাগত প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন।

https://www.dhakapost.com/aviation/439845

You may also like