April 20, 2026 12:56 pm
Home Stock Market অংশগ্রহণ বাড়লেও সূচকের পতনেই সপ্তাহের শুরু পুঁজিবাজার উন্নয়নে জেএসডিএ-ডিবিএ কৌশলগত চুক্তি

অংশগ্রহণ বাড়লেও সূচকের পতনেই সপ্তাহের শুরু পুঁজিবাজার উন্নয়নে জেএসডিএ-ডিবিএ কৌশলগত চুক্তি

by fstcap

মন্দা বাজারে সচরাচর বিনিয়োগকারীদের অংশগ্রহণ হ্রাস পেলেও এবার ঘটছে উল্টোটা। মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলের মধ্যেও বিনিয়োগকারীরা বাজারের সাথেই রয়েছেন, প্রতিদিনের লেনদেনই তার প্রমাণ। প্রায় প্রতিদিনই দেশের পুঁজিবাজারগুলোতে লেনদেন একটি সম্মানজনক অবস্থান ধরে রেখেছে। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও এর ব্যতিক্রম ঘটেনি। সূচকের মিশ্র আচরণ সত্ত্বেও লেনদেন বেড়েছে দুই বাজারেই। পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, যুদ্ধবিরতির অনিশ্চয়তার কারণে পুঁজিবাজারে সাময়িক নেতিবাচক আচরণ থাকলেও সামনের দিনগুলোতে বাজার আবার স্বাভাবিক আচরণে ফিরবে- এমনটিই প্রত্যাশা বিনিয়োগকারীদের।

বরাবরের মতো গতকালও সূচকের উন্নতি দিয়েই দিন শুরু করে দেশের দুই পুঁজিবাজার। কিন্তু এবারো বিক্রয়চাপের কারণে তা ঠিক থাকেনি। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা বেশ ক’বার সূচকের ওঠানামার পর বেলা ১১টার দিকে দুই বাজারেই সূচকের উল্লেখযোগ্য উন্নতি রেকর্ড করা হয়। কিন্তু বেলা ১১টার পর আবারো সৃষ্টি হয় বিক্রয়চাপ যা লেনদেনের শেষ পর্যন্ত বজায় ছিল। এতে দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২০ পয়েন্ট অবনতির শিকার হয়। সকালে পাঁচ হাজার ২৫৬ দশমিক ৮৩ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি রোববার দিনশেষে নেমে আসে পাঁচ হাজার ২৪৭ দশমিক ৫৩ পয়েন্টে। এ সময় বাজারটির বিশেষায়িত দু’টি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটি দশমিক ০৮ পয়েন্ট উন্নতি ধরে রাখলেও ডিএসই শরিয়াহ সূচকটি হারায় ৪ দশমিক ২২ পয়েন্ট।

 

দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ৯ দশমিক ৯৬ পয়েন্ট অবনতির শিকার হয়। ১৪ হাজার ৭৬১ দশমিক ৭৩ পয়েন্ট থেকে শুরু করা সূচকটি ওইদিন বিকালে ১৪ হাজার ৭৫১ দশমিক ৭৭ পয়েন্টে স্থির হয়। একই সময় বাজারটির বিশেষায়িত দুই সূচকের মধ্যে সিএসই-৩০ সূচকটি ২২ দশমিক ৪৮ পয়েন্ট উন্নতি ধরে রাখলেও সিএসসিএক্স সূচকটির অবনতি রেকর্ড করা হয় ৫ দশমিক ৪৫ পয়েন্ট।

সূচকের মিশ্র আচরণ সত্ত্বেও গতকাল দুই পুঁজিবাজারেই লেনদেনের কমবেশি উন্নতি ঘটে। ডিএসই গতকাল ৮১৯ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ১৩ কোটি টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ছিল ৮০৬ কোটি টাকা। চট্টগ্রাম শেয়ারবাজারে এ দিন ৪১ কোটি টাকার লেনদেন হয় যা আগের দিন অপেক্ষা ১০ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার বাজারটির লেনদেন ছিল ৩১ কোটি টাকা।

এ দিকে শেয়ারবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। জাপানের জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশনের (জেএসডিএ) সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি জেএসডিএর চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল ডিবিএর সেক্রেটারি মো: দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিবিএর ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্বনিয়ন্ত্রক সংস্থার (এসআরও) সাথে আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক মানে উন্নীত করার পথে নতুন সম্ভাবনা তৈরি করবে। চুক্তির আওতায় দুই সংগঠন শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর মধ্যে রয়েছে আইন ও বিধিবিধান বিনিময়, স্বনিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালী করা, আর্থিক লেনদেন ব্যবস্থার আধুনিকায়ন, নতুন বিনিয়োগ পণ্য উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও তথ্য আদান-প্রদান ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।

সংবাদ প্রতিবেদন প্রশিক্ষণ

সম্পাদিত চুক্তি প্রসঙ্গে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের শেয়ারবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএর মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সাথে কাজ করার মাধ্যমে পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরো বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা দেশের শেয়ারবাজারকে আরো আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।

ডিবিএর পক্ষ থেকে এ চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য জেএসডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরো ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, জেএসডিএর উদ্যোগে গঠিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এই ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে, যা দেশের পুঁজিবাজার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি ছিল ব্যাংকিং খাতের সিটি ব্যংক। ৩৬ কোটি ৩১ লাখ টাকায় কোম্পানিটির এক কোটি ১৫ লাখ ৬০ হাজার শেয়ার হাতবদল হয়। ২২ কোটি ২৫ লাখ টাকায় শেয়ার বেচাকেনা করে টেক্সটাইলস খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস উঠে আসে লেনদেনের দ্বিতীয় স্থানে। গতকাল ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রানার অটোমোবাইলস, একমি পেস্টিসাইডস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, গোল্ডেন সন, টেকনোড্রাগস, ইস্টার্ন ব্যাংক ও মীর আখতার হোসাইন।

You may also like