দেশের অটোমোবাইল শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি (RAPLC)। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ বৈঠকে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২০ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির নিবন্ধিত কার্যালয়ে এই চুক্তি সই হবে।
রানার অটোমোবাইলস জানিয়েছে, বিশ্ববিখ্যাত এই ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের অটোমোবাইল খাতের জন্য এক মাইলফলক। কোম্পানির মতে, এই চুক্তির মাধ্যমে দেশীয় গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে, পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদন সম্ভাবনার ব্যাপক প্রসার ঘটবে।
পরিচালনা পর্ষদ মনে করছে, বৈশ্বিক অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডির সঙ্গে এই চুক্তি শুধু রানার অটোমোবাইলসের ব্যবসায়িক অবস্থানই শক্তিশালী করবে না, বরং সমগ্র দেশের অটোমোবাইল শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণে অনন্য ভূমিকা রাখবে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মানের নির্মাতার সঙ্গে এ ধরনের মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তি বাংলাদেশের অটোমোবাইল খাতে বিদেশি প্রযুক্তি, দক্ষতা ও আধুনিক উৎপাদন কৌশল সংযোজনের দ্বার উন্মোচন করবে। এতে রানার অটোমোবাইলসের প্রতিযোগিতামূলক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, এই উচ্চ পর্যায়ের অংশীদারিত্ব নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। ভবিষ্যতে কোম্পানির কার্যক্রমে এটি কৌশলগত সুবিধা বয়ে আনবে এবং বাংলাদেশের অটোমোবাইল শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।
https://sharenews24.com/article/116696/index.html
Runnerauto

The project cost is estimated at Tk 41.51 million, which will come from the company’s own funds.

