আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দেশের শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবসেই মূল্যসূচকের উল্লেখযোগ্য উত্থান হয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের গতি বেড়েছে।
আজ রোববার (১৪ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও ১৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সূচকের এই উল্লম্ফনে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাত।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারবান্ধব কিছু উদ্যোগের পাশাপাশি কর কাঠামোতে যে পরিবর্তন আনা হয়েছে, তা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করেছে। ফলে বাজেট-পরবর্তী সময়ে বাজারে শেয়ার কেনার চাপ বেড়েছে, যা সূচকের বড় উত্থান ঘটিয়েছে।
গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে পুঁজিবাজারবান্ধব বলে অভিহিত করেছিলেন বাজার সংশ্লিষ্টরা।
রোববার লেনদেনের শুরু থেকেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। দিন শেষে ডিএসইতে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৫০টি প্রতিষ্ঠানের দর।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৮টির দাম বেড়েছে, কমেছে ২টির এবং ১টি অপরিবর্তিত রয়েছে। আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৬টির, কমেছে ৫টির এবং অপরিবর্তিত ছিল ২টির দর। বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দর।
লভ্যাংশ প্রদানের ভিত্তিতে দেখা যায়, ভালো মৌলভিত্তির (১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া) ১৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। মাঝারি মানের (১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া) ৪১টি কোম্পানির দর বেড়েছে। এমনকি ‘জেড’ গ্রুপের বা লভ্যাংশ না দেওয়া ৫৭টি কোম্পানির শেয়ার দরও আজ ঊর্ধ্বমুখী ছিল।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ পয়েন্টে। এ ছাড়া বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৮১ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল বিডি থাই অ্যালুমিনিয়াম। কোম্পানিটির ৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৯ লাখ টাকা। এ ছাড়া জেনেক্স ইনফোসিস, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৭ পয়েন্ট। সেখানে ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির দাম বেড়েছে, কমেছে ৭১টির। সিএসইতে আজ ২৪ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে।
https://banijjobarta.net/23855/পুঁজিবাজারে-বাজেট-চমক-সূ/?fbclid=IwY2xjawSbW9pleHRuA2FlbQIxMABicmlkETFuMXJ5QXJrS0FWUndjbkFJc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHjXa7UqZ9U9WanqlaaZeg-p5SCKXCzH9895lGzP8jfH9tTLo2jAaa77LAzM8_aem_WZCug6ZbOVFalbm5Jh9u_Q


