ওষুধ প্রস্তুতকারক এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শুক্রবার গভীররাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ।
তিনি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত ২টায় তিনি মারা গেছেন।
“উনার মরদেহে দেশে আনার প্রতিক্রিয়া চলছে। এই বিষয়ে পরে গণমাধ্যমকে জানানো হবে।”
মিজানুর রহমান সিনহার মেয়ে এক্মি উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ফেইসবুকে তার বাবার মৃত্যুর খবর দিয়েছেন।
তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে রাত ২টা ৪৭ মিনিটে মিজানুর রহমান সিনহা মারা গেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মিজানুর রহমান সিনহা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে সেখানে মনোনয়ন পান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ।
মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।
মিজানুর রহমান ১৯৪৩ সালের ১৮ অগাস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা নূরজাহান সিনহার উৎসাহে ১৯৫৪ সালে এক্মি ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করেন বাবা হামিদুর রহমান সিনহা।
মিজানুর রহমান সিনহার শৈশব কেটেছে কলকাতায়। পরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন মিজানুর। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি এক্মিতে যোগদান করেন।
১৯৮১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মিজানুর রহমান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি সিনহা নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিনহা নিট অ্যান্ড ডেনিমস লিমিটেড, কালিয়ার প্যাকেজিং লিমিটেড, কালিয়ার রেপ্লিকা লিমিটেড এবং একমি ওভারসিজ ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিনহা প্রিন্টার্স লিমিটেড, দি একমি অ্যাগ্রোভেট অ্যান্ড বেভারেজেস লিমিটেড এবং একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের পরিচালক ছিলেন।
মিজানুর রহমান ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে পড়াশোনার সময় ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন।
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
https://bangla.bdnews24.com/bangladesh/9439e8b12dd9?shem=dsdf,sharefoc,agadiscoversdl,,sh/x/discover/m1/4
Acmelab


