Home Stock Market এমক্যাশে মার্কিন বিনিয়োগ: বড় হচ্ছে ইসলামী ব্যাংকের ডিজিটাল সাম্রাজ্য

এমক্যাশে মার্কিন বিনিয়োগ: বড় হচ্ছে ইসলামী ব্যাংকের ডিজিটাল সাম্রাজ্য

by fstcap

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের মোবাইল ব্যাংকিং সেবা ‘এমক্যাশ’-এর প্রসারে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। গতকাল রাজধানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় এমক্যাশের কৌশলগত অংশীদার হিসেবে আমেরিকার বি১০০ হোল্ডিংস এলএলসি-কে যুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রচলিত আইন ও প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে এই বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এমক্যাশের ব্যবসায়িক কার্যক্রম ও ডিজিটাল সেবার পরিধি আরও শক্তিশালী করতে এর পরিশোধিত মূলধন ধাপে ধাপে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হবে। এই বর্ধিত মূলধনের বিপরীতে বি১০০ হোল্ডিংস সর্বোচ্চ ৪৮.৯৯ শতাংশ পর্যন্ত মালিকানা অর্জন করতে পারবে। তবে মূল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এমক্যাশে কমপক্ষে ৫১ শতাংশ ইক্যুইটি শেয়ার নিজেদের কাছেই রাখবে।

মূলত এমক্যাশের মূলধনী ভিত্তি মজবুত করা এবং ডিজিটাল আর্থিক সেবার আধুনিকায়নের লক্ষ্যেই এই বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সভার সিদ্ধান্তের পর গতকালই একটি মূল্য সংবেদনশীল তথ্যের (Price Sensitive Information) মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বি১০০ হোল্ডিংসের এই অংশগ্রহণ এমক্যাশের প্ল্যাটফর্মটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

এমক্যাশ পর্ষদ এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে এই মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। এই কৌশলগত বিনিয়োগের ফলে এমক্যাশের প্রযুক্তিগত মানোন্নয়ন এবং গ্রাহক সেবার বিস্তৃতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

https://sharenews24.com/article/116338/index.html

ISlamibank

You may also like