February 8, 2026 10:29 am
Home Stock Market ব্যবসা সম্প্রসারণে সুফল, দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী পারফরম্যান্স

ব্যবসা সম্প্রসারণে সুফল, দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী পারফরম্যান্স

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির আয়, মুনাফা এবং নগদ প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে (অক্টোবর–ডিসেম্বর ২০২৪) ছিল মাত্র ৭২ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়ে এশিয়াটিক ল্যাবের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–ডিসেম্বর ২০২৪) এই ইপিএস ছিল ৯৬ পয়সা।

কোম্পানিটির অপারেটিং কার্যক্রম থেকে নগদ প্রবাহ বা এনওসিএফপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে। জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৮৭ পয়সা।

সম্পদমূল্যেও (এনএভি) উন্নতি দেখা গেছে। পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৫৪ টাকা ৮ পয়সা।

অন্যদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮৫ পয়সা, যেখানে ৩০ জুন ২০২৫ তারিখে তা ছিল ৪০ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইপিএস বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো কর পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি, স্থগিত কর আয়ের বৃদ্ধি এবং বিক্রয় আয় বৃদ্ধির পাশাপাশি নতুন বিপণন এলাকা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাজারে বিক্রয় কার্যক্রম জোরদার করা। ব্যবসা সম্প্রসারণ নীতির অংশ হিসেবেই নতুন এলাকায় বিক্রয় ত্বরান্বিত করা হয়েছে।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কর পরবর্তী নিট মুনাফা যুক্ত হওয়ায় পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ এবং উদ্বৃত্ত ছাড়া উভয় ক্ষেত্রেই শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধির বিষয়ে কোম্পানি জানায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে গ্রাহকদের কাছ থেকে আদায় বেড়ে যাওয়ায় এনওসিএফপিএস বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য।

https://sharenews24.com/article/114970/index.html

Asiaticlab

You may also like