June 17, 2026 12:25 pm
June 17, 2026 12:25 pm
Home Stock Market নেপালে ২৪ লাখ ডলার মূল্যমানের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি করলো এনার্জিপ্যাক

নেপালে ২৪ লাখ ডলার মূল্যমানের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি করলো এনার্জিপ্যাক

by fstcap

বাংলাদেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড সম্প্রতি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ৬৩ এমভিএ ১৩২/৩৩ কেভি পাওয়ার ট্রান্সফরমার এবং সংশ্লিষ্ট সাবস্টেশন যন্ত্রপাতি রপ্তানি করেছে। প্রায় ২৪ লাখ মার্কিন ডলার মূল্যমানের চুক্তির আওতায় এই রপ্তানি সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনার্জিপ্যাক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই রপ্তানি তাদের আন্তর্জাতিক বাণিজ্যে পুনঃপ্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ, যা শুধু প্রতিষ্ঠানটির জন্যই নয়, বরং বাংলাদেশের প্রকৌশল খাতের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।

এর আগে এনার্জিপ্যাক এডিবি ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত নেপালের বিদ্যুতায়ন প্রকল্পে ২৫টি সাবস্টেশন নির্মাণ করেছে, যা উভয় দেশের বাণিজ্যিক সহযোগিতার শক্ত ভিত্তি তৈরি করে।

এই রপ্তানির প্রেক্ষিতে এনার্জিপ্যাকের কর্মকর্তারা ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় রপ্তানি-আমদানি প্রসার ও আঞ্চলিক বাণিজ্য জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ উপলক্ষে ঢাকায় মাসব্যাপী কর্মশালা, সেমিনার ও অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে এনার্জিপ্যাক। এতে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলম বলেন, “এই রপ্তানি শুধু এনার্জিপ্যাক নয়, পুরো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং খাতের জন্য গর্বের বিষয়। এটি আমাদের দক্ষতা ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তুলে ধরে।”

তিনি আরও বলেন, “আমরা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পে বাংলাদেশের প্রকৌশল সামর্থ্য তুলে ধরতে পারছি, যা ভবিষ্যতের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।”

কোভিড-পূর্ব সময়ে এনার্জিপ্যাক প্রতিবছর গড়ে ৫০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করত এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড ক্যাটাগরি) অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি মনে করে, এই রপ্তানি বহুমুখীকরণ, টেকসই প্রবৃদ্ধি, এবং আঞ্চলিক অংশীদারিত্ব জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেপালে ২৪ লাখ ডলার মূল্যমানের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি করলো এনার্জিপ্যাক

You may also like