উৎপাদন সক্ষমতা ও কারখানার কার্যদক্ষতা বাড়াতে ৯ কোটি ৬০ লাখ টাকার মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি। এ বিনিয়োগের অর্থ জোগানো হবে বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে। নতুন যন্ত্রপাতি স্থাপনের পর বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত মুনাফার প্রত্যাশা করছে কোম্পানিটি।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫৭তম সভায় যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থায় পাঠানো মূল্য সংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্তের কথা জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান রিটার এজি থেকে প্রধানত এসব যন্ত্রপাতি কেনা হবে। কারখানার ব্লো রুমে স্বয়ংক্রিয়ভাবে তুলা মিশ্রণের প্রযুক্তি চালুর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আধুনিকায়ন করা এ উদ্যোগের মূল লক্ষ্য।
যন্ত্রপাতি কেনা, পরিবহন ও অন্যান্য বাণিজ্যিক ব্যয়, স্থাপন, নির্মাণকাজ এবং আনুষঙ্গিক খাতসহ প্রকল্পটির সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে এ অর্থের সংস্থান করা হবে।
কোম্পানিটির প্রত্যাশা, নতুন যন্ত্রপাতি স্থাপন ও উৎপাদনে যুক্ত হলে কারখানার উৎপাদনশীলতা এবং পরিচালনাগত দক্ষতা বাড়বে। এর ফলে বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত মুনাফা অর্জন সম্ভব হবে।
Matinspin
৯ কোটি ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কিনবে মতিন স্পিনিং, অর্থ আসবে বোনাস শেয়ার থেকে


