Home Stock Market টেকনো ড্রাগসের ঋণ খেলাপি সংক্রান্ত প্রতিবেদনে কোম্পানির ব্যাখ্যা

টেকনো ড্রাগসের ঋণ খেলাপি সংক্রান্ত প্রতিবেদনে কোম্পানির ব্যাখ্যা

by fstcap

সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “টেকনো ড্রাগসের মূল কারখানা নিলামে উঠছে, ২০৩ কোটি টাকা ঋণ খেলাপি” শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি। গত ৬ অক্টোবর, ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক কোয়েরি লেটারের জবাবে এই ব্যাখ্যা দেয় টেকনো ড্রাগস লিমিটেড। উল্লেখ্য, দৈনিক সমকালে গত ৫ অক্টোবর, ২০২৬ তারিখে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।

কোম্পানি জানিয়েছে, তাদের গাজীপুর ও নরসিংদীতে দুটি উৎপাদন কারখানা রয়েছে। কোম্পানিটির উৎপাদিত পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষত গর্ভনিরোধক (জন্মনিয়ন্ত্রণ) পণ্য, ঐতিহাসিকভাবে সরকারি দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি হয়ে আসছে। গত বছর সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় কোম্পানির প্রত্যাশিত নগদ প্রবাহ বিরূপভাবে প্রভাবিত হয়। এর ফলে নিয়মিত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে সাময়িক বিলম্ব ঘটে। কিস্তি পরিশোধে বিলম্বের কারণে সংশ্লিষ্ট ব্যাংক একটি নোটিশ জারি করে, যা নিয়েই দৈনিক সমকালে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

কোম্পানি জানিয়েছে, ব্যবস্থাপনা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঋণ সমন্বয়ের জন্য চেকের মাধ্যমে সমস্যা সমাধানে ব্যাংকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে।

কোম্পানি আরও জানায়, তাদের সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। দরপত্র প্রক্রিয়া পুনরায় শুরু হলে কোম্পানির রাজস্ব প্রবাহ ও ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে তারা। শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী ও ডিএসই কর্তৃপক্ষকে কোম্পানিটি আশ্বস্ত করেছে যে, এই সাময়িক ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবস্থাপনা প্রয়োজনীয় ও কার্যকর সব পদক্ষেপ নিচ্ছে।

Technodrug

https://sharenews24.com/article/123584/index.html

You may also like