Home Stock Market ১৯১ কোটি টাকা আদায়ে বেক্সিমকোর সম্পত্তি নিলাম, পিএসআই প্রকাশ না করায় ব্যাখ্যা তলব

১৯১ কোটি টাকা আদায়ে বেক্সিমকোর সম্পত্তি নিলাম, পিএসআই প্রকাশ না করায় ব্যাখ্যা তলব

by fstcap

রূপালী ব্যাংকের ১৯১ কোটি টাকা পাওনা আদায়ে বেক্সিমকো লিমিটেডের বন্ধকী সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে প্রকাশ না করায় কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গাজীপুর ও নারায়ণগঞ্জে বেক্সিমকোর প্রায় ২৬ একর জমি ও সম্পত্তি নিলামে তোলার উদ্যোগের বিষয়ে কেন বিনিয়োগকারীদের জানানো হয়নি, তা জানতে চেয়েছে কমিশন। সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ–সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএসইসি।

বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইস্যুয়ার কোম্পানিজ ডিপার্টমেন্ট থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে কমিশন জানতে পেরেছে, খেলাপি ঋণ আদায়ের জন্য বেক্সিমকোর বন্ধকী সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক।

বিষয়টি নিয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ‘বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং এ বিষয়ে বেক্সিমকো লিমিটেডের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কোম্পানির ব্যাখ্যা পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএসইসি মনে করছে, ১৯১ কোটি টাকা পাওনা আদায়ে কোম্পানির গুরুত্বপূর্ণ সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ বেক্সিমকোর আর্থিক অবস্থা, ঋণ ও দায়দেনার সঙ্গে সম্পর্কিত। নিলামের মাধ্যমে উল্লেখযোগ্য সম্পদ হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হলে তা কোম্পানির আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। এ কারণে বিষয়টি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কি না, তা বিবেচনা করছে কমিশন।

Space for ads

এ বিষয়ে বিএসইসি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ২০২২’-এর মূল্য সংবেদনশীল তথ্যসংক্রান্ত বিধান বিবেচনায় নিয়েছে। পাশাপাশি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের পদ্ধতিসংক্রান্ত বিধানও বিবেচনা করা হয়েছে।

কমিশনের পর্যালোচনায় দেখা গেছে, সম্পত্তি নিলামে তোলার উদ্যোগের বিষয়ে বেক্সিমকোর পক্ষ থেকে কমিশন বা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে কোনো পিএসআই প্রকাশ করা হয়নি। এ কারণে কেন বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়নি, তার ব্যাখ্যা চেয়েছে বিএসইসি।

চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে বেক্সিমকোকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটির কাছ থেকে কোনো ব্যাখ্যা পায়নি কমিশন।

এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছেও জানতে চিঠি দেওয়া হয়েছে। সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছেও কোনো উত্তর আসেনি।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো তালিকাভুক্ত কোম্পানির বড় অঙ্কের ঋণ আদায়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। বিশেষ করে কোম্পানির উল্লেখযোগ্য সম্পদ নিলামের ঝুঁকিতে পড়লে তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের তথ্য যথাসময়ে প্রকাশ করা গুরুত্বপূর্ণ।

বিএসইসির চিঠির অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বেক্সিমকোর ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

Beximco

https://banijjobarta.net/25982/১৯১-কোটি-টাকা-আদায়ে-বেক্/

You may also like