জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিভিও পেট্রোকেমিক্যালের কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনিবার্য পরিচালনাগত পরিস্থিতির কারণে ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কারখানাটি সাময়িক বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, বিদ্যমান পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের টেকসই ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে ব্যবস্থাপনা মনে করছে।
এ বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের পাঁচলাইশের ৩৭, কাতালগঞ্জে অবস্থিত কোম্পানির নিবন্ধিত ও করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত ১৩৯তম পর্ষদ সভায় কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানাটি ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ এবং/অথবা ব্যবস্থাপনার পক্ষ থেকে নেওয়া হবে।
কোম্পানি আরও জানিয়েছে, বিদ্যমান পরিচালনাগত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব কারখানার কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে কর্তৃপক্ষ.
CVO
https://sharenews24.com/article/122209/index.html


