Home Stock Market শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন

শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন

by fstcap

দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, দেশের শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি শক্তিশালী উৎস হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে আইনি সংস্কার, নতুন পণ্য সংযোজন এবং বাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

সরকারের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে শেয়ারবাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। এজন্য মৌলভিত্তিসম্পন্ন বেসরকারি কোম্পানির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাজারে নতুন নতুন আর্থিক পণ্য চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শক্তিশালী বন্ড মার্কেট, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), সুকুক (ইসলামিক বন্ড) ,গ্রিন বন্ড

শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ধরনের আইনি সংস্কারের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিএসইসি আইন ২০২৫’ প্রণয়নের কাজ চলছে। এছাড়া ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন-২০২৬’ এবং ‘হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালা ২০২৬’ করা হচ্ছে।

কর্পোরেট খাতে সুশাসন জোরদার করতে ‘কর্পোরেট গভর্নেন্স রুলস ২০২৬’ চূড়ান্ত করার কাজও শেষ পর্যায়ে রয়েছে। বাজারে কারসাজি রোধে তদন্ত ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, শেয়ারবাজারকে আধুনিক করতে সম্পূর্ণ ডিজিটাইজেশন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিনিয়োগকারীরা সহজে অংশ নিতে পারেন।

বিনিয়োগকারীদের সচেতন করতে শিক্ষা কার্যক্রমও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে শেয়ারবাজারে বিনিয়োগের সংস্কৃতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

https://sharenews24.com/article/117274/index.html?fbclid=IwdGRjcARAk9JjbGNrBECRrGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHgRroAkrVdMdtUyquJ7iFzedVTOTTh4I7tyZTrlRnleZz8VggPA8nKzb9Dhe_aem_LgxFEGRIXi9qat0qJqaa3A

 

You may also like