July 12, 2026 5:08 pm
Home Finance বন্ধ কোম্পানি ডিলিস্টিংয়ের খবর ভিত্তিহীন: বিএসইসি

বন্ধ কোম্পানি ডিলিস্টিংয়ের খবর ভিত্তিহীন: বিএসইসি

by fstcap

দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘বন্ধ কোম্পানি ডিলিস্টিং বা তালিকাচ্যুত করার সিদ্ধান্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার (১২ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বিএসইসি জানিয়েছে, দীর্ঘদিন উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে অনতিবিলম্বে ডিলিস্টিং করার কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএসইসির বর্তমান চেয়ারম্যান মাসুদ খান সাংবাদিকদের সঙ্গে পুঁজিবাজারের সমসাময়িক বিভিন্ন সংস্কার ও বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

 

কিন্তু পরবর্তীতে বেশ কিছু জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করা হয় যে, বিএসইসি বন্ধ কোম্পানিগুলোকে বাজার থেকে সরিয়ে দেওয়ার (ডিলিস্টিং) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে; যা মূলত প্রকৃত তথ্যের অপব্যাখ্যা।

ডিলিস্টিংয়ের সিদ্ধান্ত এখনই কার্যকর না হলেও বিনিয়োগকারীদের সুরক্ষায় বিশেষ বার্তা দিয়েছে কমিশন। বিএসইসি জানিয়েছে, যে সমস্ত কোম্পানি দীর্ঘদিন ধরে উৎপাদন বা বাণিজ্যিক কার্যক্রমের বাইরে রয়েছে এবং যাদের ‘গোয়িং কনসার্ন’ (ভবিষ্যতে টিকে থাকার সক্ষমতা) চরম ঝুঁকির মুখে, সেসব কোম্পানির শেয়ারে লেনদেন করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

গুজব বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে কোনো ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত না নিতে পুঁজিবাজারের অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

 

বন্ধ কোম্পানি ডিলিস্টিংয়ের খবর ভিত্তিহীন: বিএসইসি

You may also like