শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মেলিতা মেহজাবিন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু-এর স্থলাভিষিক্ত হয়েছেন।
ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩৯তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ড. মেলিতা মেহজাবিন একই ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুসারে সংসদ সদস্যরা কোনো বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারেন না। এ কারণে আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে পর্ষদ নিয়ম মেনে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করে।
নবনিযুক্ত চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত আছেন। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড-এর নিয়োগ কমিটির মনোনীত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
শিক্ষাজীবনে তিনি আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৯ সালে শিক্ষকতায় যোগ দেন। পরে কমনওয়েলথ স্কলার হিসেবে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একাডেমিক জীবনে প্রবেশের আগে তিনি সিটি ব্যাংক এনএ-সহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর-এর নির্দেশে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়। পরে সাত সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়, যেখানে আব্দুল আউয়াল মিন্টুসহ তিন জন পরিচালক এবং চার জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল।
https://sharenews24.com/article/116054/index.html
NBL


