2
খেলাপি ঋণ আদায়ে নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি জব্দ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। রাজধানীর গুলশান-১ এর ওই জমির ওপরই রয়েছে সিটি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়। অর্থঋণ আদালতের আদেশের পর জমিটি জব্দ করে সেখানে নোটিশ টাঙিয়েছে ইউসিবি।
জানা গেছে, গুলশান মডেল টাউনের এসই (ডি) ব্লক-৩ এলাকায় এক বিঘা জমির ওপর নির্মিত সব স্থাপনা ও অবকাঠামোসহ সম্পত্তিটি আদালতের আদেশের আওতায় জব্দ করা হয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউসিবির টানানো নোটিশে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর অর্থঋণ আদালতের দেওয়া আদেশের ভিত্তিতে সম্পত্তিটি ব্যাংকের অনুকূলে জব্দ করা হয়েছে। নোটিশটি সম্পত্তির প্রবেশপথে দৃশ্যমানভাবে টানানো হয়েছে।


