শেয়ারবাজারে কমোডিটি মার্কেট চালুর প্রক্রিয়া এখন চূড়ান্ত প্রস্তুতির ধাপে পৌঁছেছে। এ বাজার কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও কারিগরি দক্ষতা উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন। তিনি বলেন, অংশীজনদের স্বতঃস্ফূর্ত ও সমন্বিত অংশগ্রহণ যত বাড়বে, তত দ্রুত এর সুফল পাওয়া যাবে।
মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণের পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিএসই ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ট্রেড ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ প্রশিক্ষণে অংশ নেন। সিএসইর পিআর বিভাগের কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সিএসইর জেনারেল ম্যানেজার ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন মনিরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মনিরুল হক তাঁর বক্তব্যে বলেন, ইক্যুইটি ও কমোডিটি বাজারের কাঠামোগত পার্থক্য রয়েছে। বিশেষ করে সেটেলমেন্ট পদ্ধতি, মার্জিন ব্যবস্থাপনা এবং ট্রেডিং কাঠামোতে ভিন্নতা স্পষ্ট। তিনি বিশ্ববাজারের পরিস্থিতি বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে বলেন, কমোডিটি মার্কেটের প্রধান আকর্ষণ লিভারেজ সুবিধা ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ। তথ্যভাণ্ডার সমৃদ্ধ হলে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
মর্তুজা আলম বলেন, মাত্র দুই দিনে কমোডিটি মার্কেটের পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব নয়। তবে এই বুনিয়াদি কোর্স ভবিষ্যৎ অগ্রযাত্রার ভিত্তি তৈরি করবে। তিনি অংশগ্রহণকারীদের শেখা বিষয়গুলো নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের আরও প্রস্তুত করার আহ্বান জানান।
মূল প্রশিক্ষণ পর্বে কমোডিটি এক্সচেঞ্জ সংক্রান্ত রেগুলেটরি, ব্যবসায়িক ও প্রযুক্তিগত বিভিন্ন দিক নিয়ে উপস্থাপনা করেন মর্তুজা আলম, কমোডিটি এক্সচেঞ্জ প্রকল্প সদস্য ফয়সাল হুদা ও হাবিবুল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম। এছাড়া ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেড (এমসিএক্স)-এর ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিসার্চ দেবজ্যোতি দে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
https://sharenews24.com/article/116114/index.html


