পরিবেশসম্মত উৎপাদন কার্যক্রম জোরদার করতে নিজস্ব বর্জ্য শোধনাগার (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট—ইটিপি) নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে এগিয়েছে চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। ইটিপি নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে মাটি খননের কাজ শুরু করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর থেকে ইটিপি নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে মাটি খননের কাজ শুরু হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি ডিএসইর মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় অ্যাপেক্স ট্যানারি জানিয়েছিল, তারা নিজস্ব বর্জ্য শোধনাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় এবার ইটিপি প্রকল্পের মূল নির্মাণকাজের প্রথম ধাপ হিসেবে মাটি খনন শুরু হলো।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, মাটি খনন শুরু হওয়া ইটিপি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে পরিবেশগত সম্মতি নিশ্চিত করা এবং টেকসই উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোম্পানিটির প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ পেয়েছে।
চামড়া শিল্পে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয়। সঠিকভাবে এসব বর্জ্য শোধন না করা হলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সম্মতি নিশ্চিত করা ট্যানারি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
Apextamary
https://sharenews24.com/article/123261/index.html


