Home Stock Market এজিএমের আগে লভ্যাংশের অর্থ ব্যাংকে জমা বাধ্যতামূলক করল বিএসইসি

এজিএমের আগে লভ্যাংশের অর্থ ব্যাংকে জমা বাধ্যতামূলক করল বিএসইসি

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।

 

বিএসইসির বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে এজিএমের অন্তত এক দিন আগে সেই লভ্যাংশের সম্পূর্ণ অর্থ বিতরণের জন্য নির্ধারিত পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়।

 

অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের মাধ্যমে প্রত্যয়নপত্রটি সত্যায়িত করে এজিএমে উপস্থাপন করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতেও তা জমা দিতে হয়।

 

বিএসইসি জানিয়েছে, সম্প্রতি কিছু তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে নগদ লভ্যাংশ বিতরণসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এজিএমে লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা সভায় উপস্থাপন করতে হবে।

নির্ধারিত শর্ত পূরণ না করে কোনো কোম্পানি এজিএমে লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করতে পারবে না। এ বিধান কার্যকর করতে বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানিয়েছে বিএসইসি।

বিএসইসির এ সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিতরণপ্রক্রিয়ায় নিয়ম পরিপালন ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের পাওনা পরিশোধের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এজিএমের আগে লভ্যাংশের অর্থ ব্যাংকে জমা বাধ্যতামূলক করল বিএসইসি

 

You may also like