March 28, 2026 4:21 pm
Home Finance বাজেটে স্বস্তি দিতে এডিবি দিচ্ছে ২ হাজার ৭৫০ কোটি টাকা

বাজেটে স্বস্তি দিতে এডিবি দিচ্ছে ২ হাজার ৭৫০ কোটি টাকা

by fstcap

বাংলাদেশের বাজেট সহায়তা হিসেবে শিগগিরই প্রায় ২ হাজার ৭৫০ কোটি টাকার সমপরিমাণ ঋণ দিতে পারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সম্প্রতি একটি পর্যালোচনা মিশনের পর সংস্থাটি এ বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাব-প্রোগ্রাম-২)’ এর আওতায় এই অর্থায়ন দেওয়া হবে। ঈদের আগেই এডিবির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে প্রয়োজনীয়তা যাচাই শেষে এই সহায়তার সম্ভাবনা নিশ্চিত করেছে।

তিনি বলেন, এডিবি ইতোমধ্যে বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ঋণচুক্তি স্বাক্ষরের মাধ্যমে অর্থ ছাড় পাওয়ার আশা করা হচ্ছে।

এই অর্থ মূলত সামাজিক সুরক্ষা জোরদার, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং জলবায়ুজনিত ঝুঁকির প্রভাব মোকাবিলায় ব্যয় করা হবে। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এডিবির এই কর্মসূচির আগের ধাপগুলোতে সামাজিক সুরক্ষা ভাতার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে এবং গ্রাম ও শহরের লাখো মানুষকে এর আওতায় আনা হয়েছে। নতুন এই ধাপেও সেই উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

অন্য এক ইআরডি কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে বৈঠক শেষে এডিবি মিশন দ্রুত সময়ের মধ্যে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে।

প্রস্তাবিত এই ঋণটি ‘পলিসি-বেইজড লোন’ হিসেবে দেওয়া হবে, অর্থাৎ নির্দিষ্ট সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ভিত্তিতে ধাপে ধাপে অর্থ ছাড় করা হবে।

এই অর্থায়নের আওতায় বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে শনাক্ত করতে জলবায়ু-ঝুঁকির তথ্য ব্যবহার করা হবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে অর্থ পৌঁছানো, ডিজিটাল যাচাই ব্যবস্থার মাধ্যমে অপচয় কমানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া বড় শহরগুলোতে ভাসমান ও গৃহহীন মানুষের জন্য মোবাইল ক্লিনিক সেবা সম্প্রসারণেও এই অর্থ ব্যবহার করা হবে।

এডিবি মনে করছে, বাংলাদেশ যখন জ্বালানি নিরাপত্তা জোরদার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থ বাজেটের ওপর চাপ কমাতে সহায়ক হবে এবং বৈশ্বিক মূল্যস্ফীতির মধ্যেও জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে।

উল্লেখ্য, গত অর্থবছরেও এডিবি একই পরিমাণ অর্থাৎ প্রায় ২,৭৫০ কোটি টাকার সমপরিমাণ ঋণ বাংলাদেশকে দিয়েছিল। বর্তমানে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সক্রিয় প্রকল্পের পরিমাণ ১১ বিলিয়ন ডলারের বেশি, যা দেশটির উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

https://sharenews24.com/article/116834/index.html

You may also like